ভারতে আবারও সক্রিয় হচ্ছে আইএসআইএস? দিল্লি ও ঝাড়খণ্ডে দুই সন্দেহভাজন গ্রেফতার

ভারতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS)-এর কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কায় দিল্লি ও ঝাড়খণ্ড থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এবং ঝাড়খণ্ড এটিএস-এর (ATS) যৌথ অভিযানে রাঁচি থেকে আজহার দানিশ এবং দিল্লি থেকে আফতাব নামে দুই যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দু’জন দীর্ঘদিন ধরে ভারতে আইএসআইএস-এর নেটওয়ার্ক বিস্তারে কাজ করছিল। তাদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। তদন্তকারীদের আশঙ্কা, দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দিল্লি, ঝাড়খণ্ড ও বিহারে, আইএসআইএস নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।

গোয়েন্দাদের মতে, এই জঙ্গি নেটওয়ার্কের মধ্যে ভারতীয় যোগও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানি গুপ্তচরদের উপস্থিতি সামনে এসেছে, যাদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক এবং সরকারি পদে কর্মরত।

গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, নেপাল এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করছে। এছাড়াও, উৎসবের মরশুমকে সামনে রেখে তারা জাল নোটের মাধ্যমে ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে।

গ্রেফতার হওয়া আজহার দানিশ ও আফতাবের কাছ থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখে তাদের নেটওয়ার্কের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।