দিল্লি থেকে নির্দেশ, আজ নির্বাচন কমিশনের বৈঠকে বাংলার রিপোর্ট কার্ড জমা দেবেন CEO

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে আজ দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। এই বৈঠকে তিনি রাজ্যের বর্তমান ভোটার তালিকা, বুথ পুনর্গঠন এবং অন্যান্য নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।
সূত্রের খবর, আজকের বৈঠকে বিহারের সিইও তার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন এবং এতে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তার সমাধান কীভাবে করা হয়েছে, সেসব বিষয়ে আলোচনা করবেন।
বাংলার সিইও-র রিপোর্টে যা থাকবে:
রাজ্যে বর্তমান ভোটারের সংখ্যা কত।
শেষবার কবে এসআইআর (SIR) হয়েছে এবং তখন ভোটারের সংখ্যা কত ছিল।
এসআইআর-এর পর ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কি না।
ভোটার সংখ্যা কত বেড়েছে এবং এলাকাভিত্তিক তার পরিসংখ্যান।
নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন কী কী নথি যুক্ত করা যায়, সে বিষয়ে সুপারিশ।
১২০০ ভোটার নিয়ে বুথ পুনর্গঠনের অগ্রগতির রিপোর্ট।
বুথ পুনর্গঠনের পর রাজ্যে মোট বুথের সংখ্যা কত।
ডিইও, ইআরও, এইআরও এবং বিএলও পদে কত শূন্য পদ রয়েছে, তার একটি বিস্তারিত রিপোর্ট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলার সিইও মাত্র ১০ মিনিটের মধ্যে এই ১০টি পয়েন্টের রিপোর্ট কমিশনের ফুল বেঞ্চের সামনে তুলে ধরবেন।