চাপে পড়ল ভারত! রুশ তেল কেনায় এবার ১০০% শুল্ক চাপাতে চান ট্রাম্প, পাশে চাইছেন ইউরোপকেও

ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্যিক হুঁশিয়ারি দিলেন। এবার তার নিশানা ভারত ও চিন। এক আর্থিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা এই দুটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনা করছেন তিনি।
রিপাবলিকান এই প্রেসিডেন্টের দাবি, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চাপে ফেলতে এই পদক্ষেপ জরুরি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ফোনকলে যোগ দিয়ে বলেন, “আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত। তবে ইউরোপীয় অংশীদারদেরও আমাদের সঙ্গে থাকতে হবে।”
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলার একটি কৌশল। এর আগে ভারতীয় আমদানির ওপর ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ এবং পরে রুশ তেল আমদানির কারণ দেখিয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। এবার তিনি এই হার ১০০ শতাংশে নিয়ে যেতে চান এবং ইউরোপীয় ইউনিয়নকেও একই পথে হাঁটতে অনুরোধ করেছেন।
চিনের ক্ষেত্রেও তিনি ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন। একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প চান এই “নাটকীয় শুল্ক” তখনই প্রত্যাহার করা হবে যখন চিন রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেবে।
এই খবর এমন এক সময়ে সামনে এলো, যখন মাত্র কয়েকদিন আগে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে হাজির হয়েছিলেন। সেই মুহূর্তের ছবি ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি তির্যক মন্তব্যও করেছিলেন।
তবে পরবর্তীতে ট্রাম্প সুর নরম করে ভারত-মার্কিন সম্পর্ককে “বিশেষ” বলে আখ্যা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করেন, ভারত ও আমেরিকা আলোচনার মাধ্যমেই বাণিজ্যিক বাধা দূর করবে এবং তিনি খুব শিগগিরই মোদীর সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভারত তার মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই রাশিয়া থেকে কিনেছে। তাই ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকি ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।