স্বামী খুনে স্ত্রী গ্রেফতার, জেরা করতেই বেরিয়ে এল প্রাক্তন প্রেমিকের নাম!

পূর্ব মেদিনীপুরের রামনগরে এক চাঞ্চল্যকর ঘটনায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্ত্রী। পুলিশি জিজ্ঞাসাবাদে সামনে এসেছে এক প্রাক্তন প্রেমিকের নাম। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রামনগর থানার চন্দনপুর পাটনা গ্রামে।
রামনগরের চন্দনপুর পাটনা গ্রামের বাসিন্দা গৌতম বেরার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি প্রথমে চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত খুন। এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রথমে গৌতমের স্ত্রী অরণ্যাকে গ্রেফতার করে।
তদন্তে নতুন মোড়
পুলিশের জেরার মুখে অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দু প্রধানের জড়িত থাকার কথা জানায়। অরণ্যার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শনিবার ভোররাতে এগরা থানা এলাকা থেকে অমলেন্দুকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই খুনের পরিকল্পনা গৌতমের স্ত্রী ও তার প্রাক্তন প্রেমিকের পূর্বপরিকল্পিত ছিল।
খুনের নেপথ্যে কী?
জানা গেছে, চিংড়ি চাষে লোকসান হওয়ায় গৌতম বিপুল ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। ঋণের বোঝা কমাতে তিনি স্ত্রীর গয়নাও বন্ধক রাখেন, যা নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঋণ শোধের জন্য গৌতম কিছুদিনের জন্য বাইরে চলে যান। সেই সুযোগে অরণ্যা তার প্রাক্তন প্রেমিক অমলেন্দুর সঙ্গে আবার সম্পর্ক শুরু করে।
গৌতম বাড়ি ফিরে আসার পর এই সম্পর্ক জানতে পারেন এবং দুজনের মধ্যে অশান্তি আরও বেড়ে যায়। অরণ্যা গৌতমকে ডিভোর্স দিতে বললেও তিনি রাজি হননি। সেই রাগে এবং প্রাক্তন প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার পাতার জন্য অরণ্যা অমলেন্দুর সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে বলে পুলিশ মনে করছে। খুনের আসল কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।