ভোটের ব্যবধানে চমক, নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, পরাজিত হলেন বিরোধী প্রার্থী

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচনের ফলাফল
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই নির্বাচনে মোট ৭৬৭ জন সাংসদ ভোট দেন, যা মোট ভোটারের ৯৮.২০ শতাংশ। রাজ্যসভার সচিব পি সি মোডি জানিয়েছেন, এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট, যেখানে বিরোধী প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। এই নির্বাচনে ১৫টি ভোট বাতিল হয়েছে।
ভোটদানে বিরত ছিলেন ১৩ জন সাংসদ। এর মধ্যে বিজু জনতা দলের ৭ জন, ভারত রাষ্ট্র সমিতির ৪ জন, শিরোমণি অকালি দলের ১ জন এবং একজন নির্দল সাংসদ ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই নির্বাচনে ভোট দেন।
উপরাষ্ট্রপতির পদ এবং দায়িত্ব
গত ২১ জুলাই, ২০২৫ থেকে উপরাষ্ট্রপতির পদ খালি ছিল। তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থতার কারণে পদত্যাগ করেছিলেন। এবার নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতির পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই সাংবিধানিক পদে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
কে এই সিপি রাধাকৃষ্ণন?
সিপি রাধাকৃষ্ণন ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় তিনি। প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হন, এরপর ভারতীয় জনসংঘের রাজ্য কমিটির সদস্য হন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে কোয়েম্বাটুর থেকে দু’বার লোকসভার সাংসদ নির্বাচিত হন। তিনি ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পুদুচেরি এবং মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাও ব্যাপক। কেরলের কোচির কয়ার বোর্ডের চেয়ারম্যান থাকাকালে তিনি কয়ার শিল্পের রপ্তানিকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দেন। তাঁর এই দীর্ঘ রাজনৈতিক, সাংগঠনিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাঁকে দেশের এই গুরুত্বপূর্ণ পদে আসীন করল।