নৌসেনার আবাসনে হানা, অফিসারের ছদ্মবেশে ঢুকে রাইফেল ও কার্তুজ চুরি

দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক। দক্ষিণ মুম্বইয়ের একটি নৌসেনা আবাসিক এলাকায় সেনা অফিসারের ছদ্মবেশে ঢুকে এক সন্দেহভাজন সেন্ট্রি ডিউটিতে থাকা এক জওয়ানের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও কার্তুজ চুরি করে পালিয়েছেন। শনিবারের এই ঘটনা সোমবার প্রকাশ্যে আসতেই সেনা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কীভাবে ঘটল এই দুঃসাহসিক চুরি?
সূত্র মারফত জানা গেছে, নৌসেনার অফিসার পরিচয়ে এক ব্যক্তি সেনা আবাসনের প্রবেশদ্বারে যান। সেন্ট্রি ডিউটিতে থাকা জওয়ানকে তিনি জানান, তিনি ডিউটি হ্যান্ডওভার নিতে এসেছেন। সেনাবাহিনীর উর্দি দেখে ওই জওয়ান তাকে ঊর্ধ্বতন অফিসার ভেবে কোনো রকম কথা না বাড়িয়ে তার হাতে রাইফেল ও কার্তুজ তুলে দেন। এর কিছুক্ষণ পরই ওই ব্যক্তি রাইফেল ও কার্তুজ নিয়ে বেপাত্তা হয়ে যান। বিষয়টি নজরে আসতেই ওই জওয়ান উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

নড়েচড়ে বসল নৌসেনা ও মুম্বই পুলিশ
ঘটনা জানতে পেরেই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী। মুম্বই পুলিশকেও খবর দেওয়া হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি ও চুরি যাওয়া অস্ত্র উদ্ধারে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে কাফ প্যারেড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই জওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নৌসেনা এই বিষয়ে অন্যান্য সরকারি তদন্তকারী সংস্থার কাছেও সাহায্য চেয়েছে।

এদিকে, কীভাবে একজন সন্দেহভাজন সকলের চোখ এড়িয়ে এমন একটি হাই-সিকিউরিটি জোনে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই অভ্যন্তরীণ নিরাপত্তার ফাঁক ও গাফিলতি চিহ্নিত করতে তদন্ত বোর্ড গড়ার নির্দেশ দিয়েছেন নৌসেনার আধিকারিকরা।