ভয়াবহ জনরোষে জ্বলছে নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি, দেশ ছাড়ার জল্পনা

নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশের গুলিতে ইতিমধ্যেই বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হয়েছে এবং তার পদত্যাগের দাবি উঠেছে।

ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন এবং জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা বিশ্বাস করি যে কোনো ধরনের হিংসা দেশের জন্য হিতকর নয়।” তিনি শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

তবে সূত্রের খবর, এই জনবিক্ষোভ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, নেপালের সেনা প্রধানও প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে জল্পনা উঠেছে যে, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যেতে পারেন।

বিক্ষোভের ফলে রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই দশজন মন্ত্রী পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছুঁড়ছে এবং কমিউনিস্ট পার্টির অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। নেপালের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।