বন্যায় ডুবেছে বিঘার পর বিঘা পাটখেত, দাম বাড়লেও লাভ নেই পশ্চিম মেদিনীপুরের চাষিদের

চলতি বছর পাটের দাম প্রতি কুইন্টালে ৪ হাজার টাকা থেকে বেড়ে ৭ হাজার টাকা হয়েছে। কিন্তু এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের কৃষকদের মুখে হাসি নেই। কারণ, লাগাতার বন্যার কারণে তাদের বিঘের পর বিঘে জমির পাট নষ্ট হয়ে গেছে, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ঘাটাল ব্লকের মনসুকা, দীর্ঘগ্রাম, কামারডাঙ্গা এবং বনহরিসিংপুরের মতো বিস্তীর্ণ এলাকার কৃষকরা জানিয়েছেন, ধানের ব্যাপক ক্ষতি হওয়ার পর তারা লাভের আশায় পাট চাষ করেছিলেন। কিন্তু অসময়ের বন্যা সেই আশা শেষ করে দিয়েছে।
পুজোর মুখে এমন ক্ষতির কারণে কৃষক পরিবারগুলো চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। ঘাটাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের এই আবেদন কৃষি দপ্তরের নজরে আনা হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর আশ্বাস দিয়েছেন, “যতটা সম্ভব চাষিদের পাশে থাকার জন্য বন্দোবস্ত চলছে।”
বন্যার ক্ষত এখনো ঘাটালবাসীকে তাড়িয়ে বেড়াচ্ছে। শুধু পাটচাষিই নয়, অন্যান্য ফসলের সঙ্গে যুক্ত কৃষকরাও ক্ষতির শিকার। এখন দেখার, সরকারি সাহায্য তাদের কতটা স্বস্তি দিতে পারে।