২০ টাকায় স্মার্টফোনের লোভ, তিন হাজার টাকা দিয়ে ঘরে এল মাসেল পাউডার!

২০ টাকায় স্মার্টফোন পাওয়ার লোভ দেখিয়ে এক ক্রেতাকে ঠকানোর ঘটনা সামনে এল নদিয়ার আড়ংঘাটায়। সলুয়া গ্রামের বাসিন্দা প্রভাত সাহা নামের এক ব্যক্তি একটি ই-কমার্স সাইট থেকে স্মার্টফোন অর্ডার করে ঠকেছেন। তিনি মোবাইল ফোনের পরিবর্তে পেয়েছেন দুটি মাসেল পাউডারের কৌটো।

প্রভাত সাহার হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ আসে, যেখানে দাবি করা হয় মাত্র ২০ টাকা দিয়ে আবেদন করলেই একটি স্মার্টফোন পাওয়া যাবে। লোভ সামলাতে না পেরে তিনি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেন। কিন্তু চার দিন পরেও তার ফোন আসেনি। পরে ওই ই-কমার্স সাইট থেকে ফোন করে তাকে বলা হয়, ফোনটি পেতে হলে ৩ হাজার টাকা দিতে হবে।

ফোনের জন্য মরিয়া প্রভাত বাবু সেই টাকা দিতেও রাজি হয়ে যান। অবশেষে ১১ দিন পর পোস্টম্যান তার হাতে পার্সেলটি তুলে দেন। ৩ হাজার টাকা দিয়ে পার্সেলটি খুলতেই তার মুখের হাসি উবে যায়।

মোবাইল ফোন আসবে ভেবে আনন্দে পার্সেল খোলার পর প্রভাত বাবু দেখেন, প্যাকেটের মধ্যে দুটি সাদা রঙের কৌটো। সেগুলোর গায়ে লেখা, ‘মাসেল পাউডার’। তিনি বুঝতে পারছিলেন না যে এই পাউডার তিনি খাবেন না গায়ে মাখবেন। এমন প্রতারণার শিকার হয়ে তিনি হতাশায় ভেঙে পড়েছেন এবং পুলিশে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে, অনলাইনে সস্তায় পণ্য কেনার লোভের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন।