‘গাড়ি ভর্তি ইলিশ বিক্রি করে দিচ্ছে পুলিশ!’ ডায়মন্ডহারবার মডেলে নতুন সংযোজন? বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার রাজ্য পুলিশ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, পুলিশ ইলিশ ভর্তি গাড়ি আটক করে তা থেকে তোলা না পেয়ে সেই ইলিশ বাজারে বিক্রি করে দিচ্ছে। এই ঘটনাকে তিনি ‘ডায়মন্ডহারবার মডেল’ বলে কটাক্ষ করেছেন।

নিজের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেল ও ফেসবুকে ভিডিওটি পোস্ট করে শুভেন্দু লিখেছেন, “মমতা পুলিশের তোলাবাজি দিনকে দিন দুর্নীতির নতুন শৃঙ্গ উত্তরণ করছে।” তার অভিযোগ, ডায়মন্ডহারবারের মগরাহাট থানার পুলিশ ছোট মাছ ব্যবসায়ীদের ইলিশ ভর্তি গাড়ি আটক করে প্রতি গাড়ি থেকে ৪০-৫০ হাজার টাকা তোলা চায়। যারা এই টাকা দিতে পারেন না, তাদের গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।

শুভেন্দুর দাবি অনুযায়ী, মগরাহাট থানার এক আধিকারিক সৈকত রায় একটি ইলিশ ভর্তি গাড়ি আটক করেন। সেই গাড়ির মালিকরা টাকা দিতে না পারায় তিনি গাড়ি থেকে দুই পেটি ইলিশ চুরি করে নগেন্দ্র বাজারের মাছের আড়তে বিক্রি করতে যান। সেখানেই স্থানীয় মাছ ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ শুরু হয়।

শুভেন্দু অধিকারী তার পোস্টে রাজ্য সরকার ও পুলিশকে একযোগে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এ রাজ্যের পুলিশ এখন ‘তোলাবাজ পুলিশ’ এর শিরোপা পেয়েছে।” তিনি আরও বলেন, পুলিশ এখন আর অপরাধী ধরতে নয়, বরং তোলাবাজির জন্যই মোতায়েন করা হয়েছে।

তিনি এই ঘটনাকে ‘ডায়মন্ডহারবার মডেল’-এর এক নতুন দিক হিসেবে উল্লেখ করে বলেন, “যদি এই সরকারকে না সরানো হয়, তাহলে বাংলার মানুষকে আরও কী কী দেখতে হবে তা ঈশ্বরই জানেন।” এই ভিডিওটি প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।