মোদি-শাহের সঙ্গে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় বহিষ্কৃত তৃণমূল ছাত্রনেতা গ্রেফতার

পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (TMCP)। ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রনেতা এবি সোয়েলকে দল থেকে বহিষ্কার করা হয় এবং মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ।
অভিযোগ, মালদহের চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটি কর্মসূচিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে তৃণমূলের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, “এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা?”
ঘটনার তীব্রতা উপলব্ধি করে তৃণমূল ছাত্র পরিষদ দ্রুত পদক্ষেপ নেয়। সোমবারই এবি সোয়েলকে TMCP-এর ইউনিট সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই ঘটনাকে “অনিচ্ছাকৃত ভুল” বলে মন্তব্য করেন। তবে দলের পদক্ষেপ এখানেই থেমে থাকেনি। মঙ্গলবার চাঁচল থানার পুলিশ বহিষ্কৃত এই ছাত্রনেতাকে গ্রেপ্তার করে।
এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের ‘বাঙালি প্রেম’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আর তৃণমূল এই ঘটনার দায় বহিষ্কৃত ছাত্রনেতার উপর চাপিয়েছে।