থানাতেই চুরি! অভিযোগ জানাতে এসে সরকারি মোবাইল নিয়ে পালানোর চেষ্টা, ধৃত মহিলা

সাধারণ মানুষ যখন থানায় যান অভিযোগ জানাতে, তখন সেখানেই ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। অভিযোগ, সোমবার দুপুরে কলকাতার নিউ মার্কেট থানায় অভিযোগ জানাতে এসে এক মহিলা থানার সরকারি মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করেন। যদিও শেষ রক্ষা হয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম ক্যানডেস বাওয়েন, তিনি একজন অ্যাংলো-ইন্ডিয়ান। তিনি একটি জিডি (General Diary) করতে থানায় এসেছিলেন। ডিউটি অফিসারের টেবিলে রাখা ছিল থানারই একটি সরকারি মোবাইল ফোন। অভিযোগ, জিডির কাগজপত্র তৈরির ফাঁকে তিনি সুযোগ বুঝে ফোনটি তুলে নেন এবং সবার চোখ এড়িয়ে বাইরে বেরিয়ে যান।
তবে তার এই কাণ্ড বেশি সময় গোপন থাকেনি। কর্তব্যরত এক পুলিশ কর্মীর নজর পড়তেই শুরু হয় খোঁজাখুঁজি। থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ক্যানডেস বাওয়েনই ফোনটি নিয়ে বেরিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। দেখা যায়, তিনি নিউ মার্কেট থানা থেকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছেন। পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে কিড স্ট্রিট ক্রসিং এলাকা থেকে তাকে ধরে ফেলে এবং চুরি হওয়া ফোনটি উদ্ধার করে।
গ্রেপ্তারের পর ক্যানডেস বাওয়েনকে নিউ মার্কেট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, কেন তিনি এমন কাজ করলেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং সুযোগ বুঝে হঠাৎ করেই তিনি এই কাজটি করে বসেন।
থানার ভেতরে এমন চুরির ঘটনা ঘটায় রীতিমতো শোরগোল পড়ে গেছে পুলিশ মহলে। কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি গুরুতর অপরাধ এবং থানার নিরাপত্তা ও সতর্কতার দিকে নতুন করে নজর দেওয়া হবে। ধৃত মহিলার বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে।