উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হওয়ার আগেই শেষ? INDIA জোটের কপালে চিন্তার ভাঁজ?

মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। লোকসভা ও রাজ্যসভার মোট ৭৮২ জন সাংসদ এই নির্বাচনে ভোট দেবেন। জয়লাভের জন্য প্রয়োজন ৩৯১টি ভোট। কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণ বলছে, ভোটের আগেই এনডিএ জোটের প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত।
সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে এনডিএ ইতিমধ্যেই বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে। জোটের হাতে নিশ্চিত ভোটের সংখ্যা প্রায় ৪২৭, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা ৩৯১-এর চেয়ে অনেক বেশি। এনডিএ-কে সমর্থন জানিয়েছে ওয়াইএসআর কংগ্রেসও। অন্যদিকে, বিজেডি (৭ সাংসদ) এবং বিআরএস (৪ সাংসদ) ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীদের ভোট আরও কমেছে।
বিপরীতে, বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর হাতে রয়েছে প্রায় ৩২৪ জন সাংসদ। এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটা পিছিয়ে। ফলে ‘ইন্ডিয়া ব্লকে’র প্রার্থী বি. সুধর্শন রেড্ডির জয় সুদূর পরাহত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এনডিএ জোটের মূল শক্তি বিজেপি, যাদের লোকসভায় ২৪০ এবং রাজ্যসভায় ১০০-র বেশি সাংসদ রয়েছে। এর সঙ্গে টিডিপি, জেডিইউ, একনাথ শিন্ডের শিবসেনা, জনসেনা পার্টি এবং আরও একাধিক আঞ্চলিক দলের সমর্থন রয়েছে। অন্যদিকে, বিরোধী জোটের ভরসা কংগ্রেসের ১২৬ জন সাংসদ, যার সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, বামফ্রন্ট এবং অন্যান্য ছোট দলগুলি। সব মিলিয়ে সংখ্যায় তারা অনেকটাই পিছিয়ে।
সব মিলিয়ে, রাজনৈতিক হিসাব নিকাশ বলছে, উপরাষ্ট্রপতি পদের দৌড়ে এনডিএ প্রার্থীর জয় এখন শুধু সময়ের অপেক্ষা। বিরোধী জোট যতই ঐক্যবদ্ধ হোক না কেন, সংখ্যার এই লড়াইয়ে তাদের হার অনিবার্য, এমনটাই মত বিশ্লেষকদের।