মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বৈঠকে কেন তাঁর স্বামী? ‘পঞ্চায়েত’-এর ‘প্রধানজি’ কাণ্ডে তোলপাড় দিল্লি!

যেন হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর বাস্তব চিত্র! দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বৈঠকে তাঁর স্বামী মণীশ গুপ্তার উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আম আদমি পার্টি (AAP) এই ঘটনাকে ‘সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে ছেলেখেলা’ বলে কটাক্ষ করেছে এবং বিজেপি-র বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছে।
সোমবার AAP নেতা সৌরভ ভরদ্বাজের একটি পোস্টে বিষয়টি সামনে আসে। ছবিতে দেখা যায়, আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আর ঠিক তাঁর পাশেই বসে আছেন তাঁর স্বামী মণীশ। এই ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, সরকারি পদ না থাকা সত্ত্বেও একজন মুখ্যমন্ত্রী তাঁর সরকারি বৈঠকে কেন একজন বেসরকারি ব্যক্তিকে বসিয়ে রেখেছেন?
এর আগেও আম আদমি পার্টি একাধিকবার অভিযোগ করেছিল যে রেখা কেবল নামেই মুখ্যমন্ত্রী, আসল ক্ষমতা তার স্বামী মণীশ গুপ্তার হাতে। বিজেপি যদিও এতদিন এই অভিযোগ অস্বীকার করে আসছিল, কিন্তু এই ছবি সামনে আসার পর নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিজেপি ও আপ-এর পাল্টাপাল্টি যুক্তি
বিজেপি এই বিতর্কের প্রসঙ্গে বলছে, এতে কোনো ভুল নেই। তবে AAP তীব্র কটাক্ষ করে বলছে, এটি সংবিধানের অবমাননা। সৌরভ ভরদ্বাজ তাঁর পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ব্যবস্থা নিয়ে ছেলেখেলা চলছে।’
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নির্বাচনী হলফনামা অনুযায়ী, মণীশ একজন সফল ব্যবসায়ী। তিনি ‘নিকুঞ্জ এন্টারপ্রাইজ’-এর মালিক এবং ‘কোটাক লাইফ ইনস্যুরেন্স’-এর সঙ্গে যুক্ত। শেয়ার বাজার এবং কমিশন থেকে তার বিপুল আয় রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে তার রোজগার ছিল ৯৭ লক্ষ টাকা। এছাড়াও নগদ টাকা, বন্ড, ডিবেঞ্চার, এনপিএস এবং এলআইসি পলিসিতে তার বিনিয়োগ রয়েছে। রেখা গুপ্তা নিজেও প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার রাজনৈতিক উত্থানের পেছনে স্বামীর বড় অবদান রয়েছে।
সরকারি পদে না থাকা সত্ত্বেও সরকারি বৈঠকে মণীশের উপস্থিতি দিল্লির রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। এই ঘটনা দিল্লির প্রশাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।