আবারও বিদেশে কুণাল, লন্ডনের পর আয়ারল্যান্ড, হাইকোর্টের অনুমতি পেলেন তৃণমূল নেতা

সারদা মামলায় জামিনে থাকা তৃণমূল নেতা কুণাল ঘোষকে আবারও বিদেশ সফরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অক্টোবরে তিনি লন্ডন এবং আয়ারল্যান্ডে সাংস্কৃতিক ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে যাবেন। এর আগে গত মার্চ মাসেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন, তখনও আদালতের অনুমতি নিতে হয়েছিল।

সারদা চিটফান্ড মামলার শর্ত অনুযায়ী, কুণাল ঘোষকে তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হয়। তাই যখনই তাঁকে বিদেশে যেতে হয়, তখনই আদালতের অনুমতি নিতে হয়। এবার তিনি অক্টোবরে লন্ডন ও আয়ারল্যান্ডে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিতে চান। সেই কারণেই তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন।

শর্তসাপেক্ষে অনুমতি
সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষের আবেদন মঞ্জুর করে। তবে আগের সফরের মতোই তাঁকে কিছু শর্ত মেনে চলতে হবে। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, “জামিনের শর্ত অনুযায়ী আইন মেনেই তিনি এই অনুমতি চেয়েছেন। আগের মতোই তাঁকে পাঁচ লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে। সফর শেষে দেশে ফিরলে সেই অর্থ ফেরত পেয়ে যাবেন।”

২০১৭ সালে সারদা মামলায় জামিন পাওয়ার পর থেকে কুণাল ঘোষের পাসপোর্ট আদালতে জমা আছে। ২০২৩ সালে তিনি প্রথমবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন এবং শর্তসাপেক্ষে সেই অনুমতি পেয়েছিলেন। সম্প্রতি, গত মার্চে তিনি গ্লোবাল বিজনেস সামিটের ডেলিগেশন টিমের সদস্য হিসেবে লন্ডন যাওয়ার জন্য আদালতের অনুমতি নিয়েছিলেন। এবারও সেই একইভাবে তাঁর বিদেশ সফরের অনুমতি মঞ্জুর করা হয়েছে।