বন্যা পরিস্থিতি পরিদর্শনে হিমাচল ও পাঞ্জাবে মোদী, ঘোষণা হতে পারে বিশেষ ত্রাণ প্যাকেজ

ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার পাঞ্জাব ও হিমাচল প্রদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই রাজ্যে চলতি বর্ষার মরশুমে বন্যা, ভূমিধস ও হড়পা বানের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ প্রধানমন্ত্রী প্রথমে হিমাচলের কাংড়া জেলায় পৌঁছবেন। সেখানে তিনি সরকারি আধিকারিক, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ‘আপদা মিত্র’ টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। এরপর বেলা ৩টা নাগাদ তিনি পাঞ্জাবে যাবেন। সেখানে আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং গুরুদাসপুরে পৌঁছে বিকেল সোয়া চারটা নাগাদ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্র
প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষ এবং উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও কথা বলবেন। ইতিমধ্যেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন। সম্প্রতি পাঞ্জাবের বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন, প্রায় ১৪০০টি গ্রাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিমাচল প্রদেশের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, “বর্ষায় হিমাচলের এই পরিস্থিতি হলে আগামী দিনে রাজ্য কীভাবে নিজের পায়ে দাঁড়াবে!” পাঞ্জাব বিজেপিও প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এই কঠিন সময়ে পাঞ্জাবের মানুষের পাশে রয়েছে।

সূত্রের খবর, এই দুই রাজ্যের জন্য একটি বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এই প্যাকেজে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ, খাদ্য, আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা থাকবে।