পূজার আগেই পাতে পদ্মার ইলিশ, বাংলাদেশে মিলল রপ্তানির অনুমতি, দাম থাকবে আকাশছোঁয়া

দুর্গাপুজোর আগেই বাঙালির রসনা তৃপ্ত করতে ওপার বাংলা থেকে আসছে পদ্মার ইলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় ক্রেতাদের জন্য মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে গত বছরের তুলনায় এবারের পরিমাণ অনেক কম, যা বাজারে মাছের দামকে প্রভাবিত করতে পারে।

গত বছর বাংলাদেশের সাবেক সরকার প্রথমে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও, পরে তা কমিয়ে ২৪২০ মেট্রিক টনে নামিয়ে আনে। এবার সেই পরিমাণ আরও কমিয়ে মাত্র ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাজারে ইলিশের জোগান কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রপ্তানিতে কড়া শর্ত
বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির জন্য কিছু কঠোর শর্ত আরোপ করেছে। আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিটি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার (প্রায় ১১০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

দাম নিয়ে কী বলছেন ব্যবসায়ীরা?
হাওড়া মাছ বাজার ও ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, এবার ৭০০ গ্রাম থেকে ১২০০ গ্রামের ইলিশ বাজারে আসবে। তিনি বলেন, “প্রথম দিকে বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১৫০০ থেকে ১৬০০ টাকা থাকতে পারে। পরে দাম কিছুটা কমতে পারে।” তিনি আরও জানান, এই অনুমতি দুর্গাপূজা থেকে কালীপূজা এবং ভাইফোঁটা পর্যন্ত কার্যকর থাকবে। গতবার ২৪২০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ আনা সম্ভব হয়েছিল। এবার অনুমোদিত ১২০০ মেট্রিক টন ইলিশ পুরোপুরি আনার চেষ্টা করা হবে।

গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পুজোয় ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে নতুন অন্তর্বর্তী সরকার এই অনুমতি দেওয়ায় ইলিশপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।