আচমকা বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়! ভারতসহ বিভিন্ন দেশে পরিষেবা ব্যাহত, কারণ কী?

বিশ্বের অনেক দেশেই আচমকা ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন অংশে ইন্টারনেটের গতি মারাত্মকভাবে কমেছে। এর ফলে কোটি কোটি ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন এই ইন্টারনেট বিপর্যয়?
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, লোহিত সাগরের নিচে থাকা গুরুত্বপূর্ণ ফাইবার কেবলগুলো কেটে যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে এই তারগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা প্রাকৃতিক কারণে যেমন হতে পারে, তেমনই জাহাজের নোঙর বা অন্য কোনো দুর্ঘটনার কারণেও ঘটতে পারে। তবে অনেকের সন্দেহ, ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে হুথি বিদ্রোহীরা এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কারণ, এর আগেও তারা সমুদ্রের নিচে যোগাযোগ পরিকাঠামোকে নিশানা করার হুমকি দিয়েছিল।
কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত?
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু দক্ষিণ এশিয়া নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশেও ইন্টারনেটে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। মাইক্রোসফটও এই সমস্যার কথা স্বীকার করে জানিয়েছে, লোহিত সাগরের একাধিক ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতসহ বিভিন্ন দেশে ইন্টারনেটের এই গতি হ্রাস দৈনন্দিন জীবন, ব্যবসা এবং যোগাযোগে বড় প্রভাব ফেলেছে। এই সাবমেরিন কেবলগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপ। তারা এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে।
সামুদ্রিক তলদেশের এই তারগুলোই বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করে। তাই এই ধরনের যেকোনো ক্ষতি গোটা বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় অনেক পিছিয়ে দেয়।