কাজ নেই, বেতন নেই! কোলাঘাটের সিমেন্ট কারখানায় তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ, বন্ধ উৎপাদন

বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি বেসরকারি সিমেন্ট কারখানা। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার মূল গেটে বিক্ষোভ দেখাচ্ছেন। এর ফলে সিমেন্ট উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

কেন এই বিক্ষোভ?
কারখানায় তিন শিফটে মোট ৪১৫ জন কর্মী কাজ করেন। তাদের প্রধান দাবি হলো, দ্রুত বেতন বৃদ্ধি এবং সিওডি (COD) সুবিধা প্রদান। বারবার শ্রমিক সংগঠন নেতৃত্বকে জানানো সত্ত্বেও দাবিগুলো পূরণ না হওয়ায় শ্রমিকরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (INTTUC)-এর ব্যানারে শ্রমিকরা কারখানার মূল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং ধর্নায় বসেছেন। তারা জানিয়েছেন, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে।