দলনেত্রীকে কটাক্ষ, শুভেন্দুকে ‘বেগম’, ‘খালা’ মন্তব্যের জন্য একহাত নিলেন অনুব্রত

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য মঞ্চ থেকে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন নামে অভিহিত করে কটাক্ষ করেছেন। এর জেরে এবার শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দুবরাজপুরের একটি জনসভা থেকে অনুব্রত নাম না করেই শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করেন।

তিনি বলেন, “মমতা ব্যানার্জীকে যারা গালি দেয়, তারা অন্যায় করে। কেউ বলে বেগম, কেউ বলে খালা, কেউ বলে ফুফু… লজ্জা লাগে না? একটা মহিলা, তিনি মানুষকে ভালোবাসেন, এটা কি অন্যায়? আমাদের বিবেকানন্দ, রামকৃষ্ণ, বা রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে ঘৃণা করতে শেখাননি। তাহলে তোমরা এই ধরনের ভাষা ব্যবহার করো কেন? তোমাদের লজ্জা লাগা উচিত।”

পাল্টা জবাব বিজেপির

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা অনুব্রত মণ্ডলের সমালোচনা করে বলেন, “অনুব্রত মণ্ডল কে, যিনি একজন আইসি-র স্ত্রীকে চরম কুকথা বলতে পারেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে বলেই উনি এখনো জেলের বাইরে আছেন। যদি কোনো সভ্য সরকার থাকত, তাহলে উনি জেলের ভিতরে থাকতেন।”

তিনি আরও বলেন, “অতএব তাঁর কাছ থেকে কেউ শিক্ষা নেবে, যে মানুষের স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করা। এই অনুব্রত মণ্ডল কী শিক্ষা দিচ্ছেন, কাকে কী বলছেন, এর কোনো মূল্য নেই।”