আকাশে মহাজাগতিক খেলা!, চন্দ্রগ্রহণের কারণে তিরুপতি মন্দির বন্ধ, দর্শনের সময় বদলে গেল

বিরল মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণে ভক্তদের জন্য বন্ধ থাকছে তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির। টিটিডি (TTD) কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, ৭ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ থেকে ৮ সেপ্টেম্বর ভোর ৩:০০ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে।
সূত্রের খবর, এই সময়কালের মধ্যে সকল ধরনের দর্শন ও আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। টিটিডি-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “গ্রহণের সময় মন্দির বন্ধ রাখা হয় এবং ৮ সেপ্টেম্বর ভোর ৩:০০ টায় মন্দির পুনরায় খোলা হবে। এরপর বিশেষ শুদ্ধিকরণ ও পূজা সম্পন্ন হওয়ার পর ভক্তদের জন্য ফের দর্শনের অনুমতি দেওয়া হবে।”
বদলে গেল শ্রীবাণী দর্শনের সময়
চন্দ্রগ্রহণের কারণে ৭ সেপ্টেম্বর শ্রীবাণী অফলাইন দর্শনের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে, এই বিশেষ দর্শনটি দুপুর ১:০০ টায় শুরু হবে। ভক্তদের সুবিধার্থে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
ভিআইপি দর্শনেও নিষেধাজ্ঞা
শুধুমাত্র চন্দ্রগ্রহণই নয়, আসন্ন কোয়েল আলওয়ার তিরুমানঞ্জম অনুষ্ঠানের প্রস্তুতির জন্যও দর্শনে কিছু পরিবর্তন আনা হয়েছে। টিটিডি জানিয়েছে, ১৬ সেপ্টেম্বরের এই বিশেষ অনুষ্ঠানের কারণে ১৫ সেপ্টেম্বর কোনো ভিআইপি সুপারিশপত্র গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ ভক্তদের কাছে এই সময়ে ধৈর্য ধারণ এবং সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।
২০২৫ সালের চন্দ্রগ্রহণের সময়সূচি
বিজ্ঞানীদের মতে, ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ৯:৫৮ মিনিটে এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর ১:২৬ মিনিটে। এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন বিশ্বজুড়ে জ্যোতির্বিদ্যাপ্রেমীরা।