“পরীক্ষার হলে হাতঘড়িও নিষিদ্ধ”-SSC পরীক্ষার আগে নতুন নির্দেশিকা জারি করল কমিশন

রাত পোহালেই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (WBSSC)-এর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে এই বহু প্রতীক্ষিত পরীক্ষা, যা চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে এবার পরীক্ষায় স্বচ্ছতা আনতে একাধিক কঠোর নিয়ম জারি করেছে কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, এইবার পরীক্ষার্থীদের কোনো ধরনের হাতঘড়ি, মোবাইল ফোন, বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি, ক্যালকুলেটর বা লগ টেবিলও নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে এই ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশিকা:
অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র (আধার, ভোটার বা প্যান) অবশ্যই একটি স্বচ্ছ ফোল্ডারে আনতে হবে।
জলের বোতল ও পেনও (নীল বা কালো) স্বচ্ছ হতে হবে।
সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে। সকাল ১১টা ৪৫ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওএমআর শিটের একটি কার্বন কপি দেওয়া হবে, যা লিখিত পরীক্ষার পর অন্তত দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। ওএমআর শিটে কোনো ধরনের ছবি আঁকা বা মন্তব্য করা যাবে না।
এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী:
রাজ্যজুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নবম-দশম শ্রেণির জন্য শূন্যপদ ২৩,২১২টি হলেও, আবেদন করেছেন ৩,১৯,৬৫০ জন পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে শূন্যপদ ১২,৫১৪টি এবং আবেদনকারীর সংখ্যা ২,৫৪,০০০ জন। ২০১৬ সালের তুলনায় এবার মোট আবেদনকারীর সংখ্যা ২,৩০,০০০ বেশি।
স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার জন্য কমিশনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকে। তবে কিছু পরীক্ষার্থী এই ধরনের কড়াকড়িতে কিছুটা উদ্বিগ্ন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে কড়া শাস্তি দেওয়া হবে।