প্রাথমিক নিয়োগ দুর্নীতি! ED-র নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করেছেন। ইডির বিশেষ আদালত আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। নির্ধারিত তারিখের ৬ দিন আগেই তিনি এই পদক্ষেপ নিলেন।

ইডি আজ চন্দ্রনাথ সিনহাকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায়। তবে আদালত ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মন্ত্রীকে জামিন দেন। চন্দ্রনাথের আইনজীবী ১ সপ্তাহের সময় চেয়েছিলেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জামিনের শর্ত হিসেবে জানিয়েছে, ততদিন মন্ত্রী বোলপুরের বাইরে যেতে পারবেন না।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং সেখান থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল বলে খবর।

ইডি তাকে দু’বার তলব করলেও তিনি তা এড়িয়ে যান। এরপর আগস্ট মাসে তিনি ইডির দফতরে হাজিরা দেন। কিন্তু চার্জশিটের জন্য রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন ছিল, যা দেরিতে পাওয়া যায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুমোদন দেওয়ার পরই চার্জশিটটি আদালতে গৃহীত হয় এবং আদালত মন্ত্রীকে হাজির হওয়ার নির্দেশ দেয়। পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রী সরাসরি দুর্নীতির মামলায় অভিযুক্ত হলেন।