‘তৃণমূল দোকান খুলে রেখেছে!’ সিট-এর তদন্ত নিয়ে ফের শাসকদলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের
September 6, 2025

এসএসসি (SSC) পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূল এর জন্য দোকান খুলে রেখেছে।” একইসঙ্গে তিনি এসআইটি (Special Investigation Team) বা সিট-এর তদন্ত নিয়ে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সুকান্ত মজুমদার বলেন, “সিট-এর তদন্তে কোনো ফল পাওয়া যায় না। সিট হচ্ছে একটা ঢাল, যা দিয়ে তৃণমূল নিজেদের দুর্নীতিকে আড়াল করে।” তিনি আরও বলেন, “রাজ্যে শিক্ষকের চাকরি দিতে গেলে আগে টাকা দিতে হয়। তৃণমূল এই দুর্নীতির জন্য একটি দোকান খুলে রেখেছে।”
তাঁর মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি নতুন নয়, এটি তৃণমূল সরকারের আমলে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা চাকরিপ্রার্থীদের মনোবল ভেঙে দিচ্ছে এবং রাজ্যের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।