১১৩ বছর বয়সে মুখে ভাত! নতুন দাঁত গজানোর আনন্দে দাদুর অন্নপ্রাশনের আয়োজন করলেন নাতি-নাতনিরা

সাধারণত শিশুদের মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করা হয়, কিন্তু ১১৩ বছর বয়সী এক বৃদ্ধের মুখে ভাতের আয়োজন করে চমকে দিয়েছেন তার নাতি-নাতনিরা। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের ফিরিঙ্গিডাঙ্গা এলাকায়। এই নজিরবিহীন ঘটনা দেখতে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন।

বৃদ্ধ নৃপেন্দ্রনাথ বর্মণের নাতি-নাতনিদের দাবি, এই বয়সে তার তিনটি নতুন দাঁত গজিয়েছে, যা এক বিরল ঘটনা। তাই এই উপলক্ষে তারা ধুমধাম করে দাদুর মুখে ভাতের আয়োজন করেছেন। এই ব্যতিক্রমী ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নৃপেন্দ্রনাথ বর্মণের মুখে ভাত অনুষ্ঠানে ব্যান্ড পার্টি, ডিজে এবং প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন। এমন জাঁকজমকপূর্ণ আয়োজন কোনো বিয়ের অনুষ্ঠানের চেয়ে কম ছিল না। মেনুতে ছিল ভাত, মাছ, মাংস, নানা ধরনের ভাজাভুজি, তরকারি এবং মিষ্টি।

বৃদ্ধ নৃপেন্দ্রনাথের তিন ছেলে, চার মেয়ে এবং ৩৩ জন নাতি-নাতনি রয়েছে। নিজের মুখে ভাত অনুষ্ঠানে দাদু বলেন, “এতদিন বাঁচতে ভালো লাগে না। নতুন দাঁত উঠেছে। নাতি-নাতনিরা নতুন করে অন্নপ্রাশনের আয়োজন করেছে। ওদের আনন্দে আমি খুশি।”