আজ ও কাল পুজোর শপিংয়ের প্ল্যান করে রেখেছেন? আকাশের হাল কেমন থাকবে জানেন?

আর মাত্র ২০ দিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা। এখন থেকেই উৎসবের আমেজে ভাসছে আকাশ। আর পুজো মানেই কেনাকাটার ধুম। যারা এই উইকএন্ডে নিশ্চিন্তে শপিং করতে চান, তাদের জন্য সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শনি ও রবিবার নিশ্চিন্তে কেনাকাটা সারতে পারবেন।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
বাংলার ওপর থেকে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা কেটেছে। নিম্নচাপটি এখন ধীরে ধীরে ছত্তীসগঢ় থেকে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এবং মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তাপমাত্রা বাড়ছে। বৃষ্টির পরিমাণ কম হলে বাতাসে আর্দ্রতা বেড়ে অস্বস্তি বাড়তে পারে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ভ্রূকুটি
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে স্বস্তি নেই। সেখানে বৃষ্টির দাপট এখনো জারি। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতরের মতে, পুজো যত কাছে আসবে, বৃষ্টির পরিমাণ ততই বাড়বে। মহালয়ার পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে এবং দুর্গাপূজোর সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পুজোর কেনাকাটা দ্রুত সেরে ফেললে নিশ্চিন্ত থাকা যাবে।