রিলের নেশা কেড়ে নিল তরতাজা প্রাণ, মর্মান্তিক মৃত্যু ১৮ বছরের তরুণের

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়ার নেশা কেড়ে নিল ১৮ বছরের এক যুবকের প্রাণ। রিল ভিডিও বানাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো মালদহের মোজমপুর গ্রামের বাসিন্দা আমিরুল শেখের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে আমিরুল তার চার বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে তারা পুকুর পাড়ের একটি গাছের ডালে উঠে রিল ভিডিও বানানো শুরু করে। অতিরিক্ত ওজনের কারণে হঠাৎই সেই গাছের ডাল ভেঙে পড়ে। পাঁচ বন্ধুকেই পুকুরের পানিতে পড়তে হয়। বাকি চারজন কোনোমতে সাঁতরে পাড়ে উঠে এলেও, আমিরুল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।
বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুকুর থেকে আমিরুলের নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আমিরুলের বাবা শুভান শেখ কান্নায় ভেঙে পড়ে বলেন, “বন্ধুদের সঙ্গে পুকুরে গিয়েছিল, বাকিরা ফিরে এলো কিন্তু আমার ছেলে আর এলো না।” মোজমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আফরোজা খাতুন জানান, রিল বানাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক ও শেয়ারের এই উন্মাদনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আমিরুলের মর্মান্তিক মৃত্যু আরও একবার তা প্রমাণ করলো। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক হওয়া জরুরি।