পুজোর আগেই রাজ্য পুলিশদের বড় নির্দেশ! পাবেন ছুটি..? কী বললেন জাভেদ শামিম

আসন্ন দুর্গাপূজা এবং ছটপূজা উপলক্ষে রাজ্য পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুলিশের পর এবার রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এই মর্মে একটি কড়া বার্তা জারি করেছেন। রাজ্যের সমস্ত জেলার পুলিশ প্রধানদের কাছে পাঠানো এই বার্তায় বলা হয়েছে, উৎসবের এই দিনগুলোতে নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কোনো পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না।
রাজ্য পুলিশ ডিরেক্টরেট সূত্রে খবর, ২০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সব স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীকে ছুটি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে, যদি কোনো জরুরি অবস্থা বা মেডিক্যাল ইমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে ছুটির আবেদন বিবেচনা করা হবে।
এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো পুজোর সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। পুলিশ কর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। ভবানী ভবনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, কোনো গুজব ছড়ানো বা অপ্রীতিকর ঘটনার আঁচ পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কর্তৃপক্ষের একমাত্র লক্ষ্য, রাজ্যের মানুষ যেন কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে উৎসবে মেতে উঠতে পারে।