বোনের জন্মদিনের আনন্দ মুহূর্তে বিষাদে! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, শোক স্তব্ধ পরিবার

জন্মদিনের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। পাশের বাড়ির এক বোনের জন্মদিন উপলক্ষে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী কিশোর অয়ন বেরার। এই ঘটনায় অয়নের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঠিক কী ঘটেছিল?
কাঁথি তিন ব্লকের কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র ছিল অয়ন। পড়াশোনায় ভালো এবং ভদ্র স্বভাবের জন্য সবার কাছেই সে প্রিয় ছিল। পাশের বাড়ির এক বোনের জন্মদিনে সাহায্য করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। আলো লাগানোর সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে তার হাত লেগে যায়। সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা দ্রুত তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের এমন করুণ পরিণতিতে অয়নের বাবা-মা এবং দাদু চণ্ডীচরণ বেরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

অয়নের মৃত্যুতে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও গভীরভাবে শোকাহত। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ বেরা বলেন, অয়ন অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই ব্যথিত।