পাসপোর্টে তৃতীয় লিঙ্গের অধিকার! ট্রাম্পের নির্দেশ খারিজ মার্কিন আদালতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত নির্দেশকে খারিজ করে দিয়েছে সে দেশের একটি আদালত। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতে নির্দেশ দিয়েছিলেন যে, সরকার শুধুমাত্র পুরুষ এবং নারী—এই দুটি লিঙ্গকেই গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে। ফলে পাসপোর্টে তৃতীয় লিঙ্গের পরিচয় প্রকাশের কোনো সুযোগ ছিল না। কিন্তু আদালত ট্রাম্পের সেই নির্দেশকে ‘অবৈধ’ ঘোষণা করেছে।

অ্যামেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামে একটি সংগঠন ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তাদের যুক্তি ছিল, এই নীতি বেআইনি এবং তৃতীয় লিঙ্গের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে।

বিচারক জুলিয়া কোব্রিক তাঁর রায়ে জানান, ট্রাম্পের এই নীতি ‘অযৌক্তিক সংস্কার’ প্রসূত এবং এটি তৃতীয় লিঙ্গের আমেরিকানদের প্রতি বৈষম্যমূলক। তিনি আরও বলেন, এই নীতির কারণে তৃতীয় লিঙ্গের মানুষ সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২২ সালে পাসপোর্টে পুরুষ ও নারীর পাশাপাশি তৃতীয় লিঙ্গের জন্য ‘X’ বিকল্পটি যুক্ত করেছিল। ট্রাম্প ক্ষমতায় এসে সেই ব্যবস্থাটি বাতিল করে দিয়েছিলেন। কিন্তু আদালতের এই রায়ের পর আবার তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষিত হলো।