“আমরা চীনকে অনেক সাহায্য করেছি”-চিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে চীনে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান উপেক্ষা করায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে “অনেক সহায়তা” করেছিল, তাই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা উচিত ছিল।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমি অনুষ্ঠানটি দেখেছি। এটি দারুণ ও চিত্তাকর্ষক ছিল। প্রেসিডেন্ট শি আমার বন্ধু, তবে আমি মনে করি তার ভাষণে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করা উচিত ছিল, কারণ আমরা চীনকে অনেক সহায়তা করেছি।”
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, বেইজিংয়ে সমবেত হওয়া বিদেশি নেতারা হয়তো যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন। তিনি শি-কে উদ্দেশ্য করে লেখেন, “আমার উষ্ণ শুভেচ্ছা জানিও ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো।”
রয়টার্স জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকীকে তার সরকারের বড় কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত করেন। তিয়ানআনমেন স্কোয়ারে ৫০ হাজারেরও বেশি মানুষের সামনে তিনি ভাষণ দেন। তার পাশে ছিলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। অনুষ্ঠানে চীনের সেনাদের পদযাত্রা ও আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয়।
১৯৩৭ সালে জাপানের চীন আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় বাঁকবদল হয়। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিয়ে চীনা সেনাদের সহায়তা করে এবং ১৯৪৫ সালে জাপানের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শি জিনপিং তার ভাষণে যেসব বিদেশি সরকার ও আন্তর্জাতিক বন্ধু চীনা জনগণকে সমর্থন ও সহায়তা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানালেও যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি।