‘ইঁদুরের কামড়ে নবজাতকের মৃত্যু ‘, কেন্দ্র-রাজ্যকে একযোগে আক্রমণ রাহুলের

মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনাকে ‘দুর্ঘটনা নয়, খুন’ বলে অভিহিত করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে একযোগে আক্রমণ করেছেন।
কী বলেছেন রাহুল গান্ধী?
রাহুল গান্ধী এই ঘটনাকে ‘ভয়ঙ্কর, অমানবিক এবং অসংবেদনশীল’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “শোনা মাত্রই শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। কেবলমাত্র সরকারের গাফিলতির জন্য আজ এক মায়ের কোল খালি হয়ে গেল।” তিনি আরও বলেন, এই ঘটনায় কেন্দ্র এবং রাজ্য সরকারের লজ্জায় মাথা নত হওয়া উচিত।
কী ঘটেছিল হাসপাতালে?
গত ৩০ ও ৩১ আগস্ট রাতে ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হাসপাতালের শিশুবিভাগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, মৃত দুই নবজাতকের একজনের হাতে এবং অন্যজনের কাঁধে ইঁদুরের কামড়ের স্পষ্ট দাগ ছিল। যদিও চিকিৎসকরা দাবি করেছেন, শিশু দুটির মৃত্যু ভয়াবহ সংক্রমণ এবং জন্মগত সমস্যার কারণে হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালের ডিন ডঃ অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া স্বীকার করেছেন যে হাসপাতালে নিরাপত্তার ঘাটতি ছিল। ইতিমধ্যে, ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্বে থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে।