অবশেষে কাটছে জট, চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে বৈঠকে বসছে সব পক্ষ

চিংড়িঘাটায় মেট্রোর কাজের জট কাটাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ৯ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বৈঠকে কলকাতা পুলিশ, আরভিএনএল, মেট্রো কর্তৃপক্ষ, এবং কেএমডিএ-কে উপস্থিত থেকে ইতিবাচক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছে আদালত।


 

আদালতের নির্দেশ ও বৈঠকের সময়

 

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটেয় মেট্রো ভবনে এই বৈঠক হবে। ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন আদালতকে জানাতে হবে, বৈঠকে সমস্যার সমাধান হয়েছে কি না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, রাজ্যের বিভিন্ন দফতরের (পুর, নগর উন্নয়ন, পরিবহণ, ট্রাফিক ও পুলিশ) পাঁচজন দক্ষ ও অভিজ্ঞ আধিকারিক এই বৈঠকে উপস্থিত থাকবেন।


 

কেন এই জট?

 

মেট্রোর অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে পরবর্তী স্টেশন গৌরকিশোর ঘোষ পর্যন্ত ৩৬৬ মিটার অংশে কিছু কাজ বাকি রয়েছে। এই কাজ শেষ করতে ৯০ ঘণ্টার পাওয়ার ব্লক এবং ৯ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়।

রাজ্যের দাবি, ওই এলাকায় আগে আন্ডারপাস তৈরি করতে হবে, তারপরই তারা NOC (নো অবজেকশন সার্টিফিকেট) দেবে। আন্ডারপাস ছাড়া যান চলাচল সম্পূর্ণ বন্ধ করলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হবেন। অন্যদিকে, আরভিএনএল প্রস্তাব দেয়, তারা সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত) ধাপে ধাপে কাজ শেষ করতে চায়, যাতে যানজট কম হয়। কিন্তু পুলিশ এই প্রস্তাবে সায় দেয়নি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সুজয় পাল মৌখিকভাবে বলেন, “এটা জনস্বার্থের বিষয়। আপনারা সবাই চা-চক্রে বসুন। সমস্যার সমাধান করুন।” সেই নির্দেশ অনুযায়ীই এই বৈঠকের তারিখ ঠিক করা হয়েছে।