“৫০ হাজার টাকায় প্রশ্ন বিক্রি করবে মমতা”-ফের SSC-র প্রশ্ন বিক্রির অভিযোগ শুভেন্দুর

শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে, অযোগ্য ঘোষিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে, ফের প্রশ্ন বিক্রির অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনের মন্তব্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে বলেন, “৫০ হাজার টাকায় মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি রেকর্ডিং পেয়েছি। আগেরবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ও জীবনকৃষ্ণরা এজেন্ট ছিল। এবার নতুন কিছু এজেন্ট দিয়ে করাবে।” তার এই মন্তব্যে রাজ্যজুড়ে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে।
একই দিনে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ২৫,৭৩৫ জন শিক্ষকের পাশে দাঁড়ানোর বার্তা দেন। তিনি বলেন, “আইন মেনে হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না। তবে আমরা চাই তাঁদের বিকল্প চাকরি হোক। গ্রুপ সি-র চাকরির ব্যবস্থা করা হবে। কারণ আমাদের সরকার মানবিক।”
২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলকে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়। পাশাপাশি, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’দের আলাদা তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে যখন স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’ তালিকা প্রকাশ করেছে, তখন চাকরি হারানোদের নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী দুর্নীতির নতুন অভিযোগ আনছেন, যা এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে।