‘বিজেপি ভোট চোর’, ‘দেশের লজ্জা’! বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, দিলেন হুঁশিয়ারি

ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্তা নিয়ে ডাকা বিধানসভার বিশেষ অধিবেশন রণক্ষেত্রে পরিণত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী নিজেই ওয়েলে নেমে এসে বিজেপিকে ‘ভোট চোর’ এবং ‘গদি চোর’ বলে স্লোগান দেন এবং তীব্র ভাষায় আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রী তার ভাষণে বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন, “এরা চায় আমি বাংলা ভাষায় কথা বললে, মানুষ সবটা জানতে পারবে এবং এদের মুখোশ খুলে যাবে।” তিনি বিজেপিকে ‘সবচেয়ে বড় ডাকাত দল’, ‘ভোট চোরেদের দল’, এবং ‘বাঙালিদের ওপর অত্যাচার করা সন্ত্রাসবাদী দল’ বলে আখ্যা দেন।
মমতা বলেন, “আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য। এমন একদিন আসবে একটা বিজেপিকেও বিজেপির মানুষ দেখতে চাইবে না। সব হারবে। বাংলায় জেতা যায় না।” তিনি আরও বলেন, “একই জিনিস পার্লামেন্টে দেখেছি আমাদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে।”
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার সকলকে শান্ত থাকার অনুরোধ জানালেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মুখ্যমন্ত্রী নিজেই আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন এবং বিজেপি বিধায়কদের উদ্দেশে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, স্পিকার মার্শালকে নির্দেশ দেন বিজেপি বিধায়কদের কক্ষের বাইরে বের করে দিতে। এরপর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হয়।