নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে ২২শে আগস্ট, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহান্তে আরও বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে আরও বেশি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হবে।
ভারী বৃষ্টির সতর্কতা:
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।