‘বুথ লেভেল এজেন্ট’ ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল, জরুরি শুনানির আবেদন খারিজ

বুথ লেভেল এজেন্ট (বিএলএ) সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের প্রায় এক বছর আগেই রাজনৈতিক দলগুলোর কাছে বিএলএ-দের নাম এবং পরিচয় সংক্রান্ত তথ্য চাওয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার তৃণমূল কংগ্রেস জরুরি শুনানির আবেদন জানায়। তবে বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন গ্রহণ করেননি।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিভিন্ন জেলার জেলাশাসকরা রাজনৈতিক দলগুলোকে তাদের বিএলএ-দের নাম জমা দেওয়ার জন্য নোটিশ পাঠাতে শুরু করেছেন। সাধারণত এই ধরনের তথ্য ভোটের মাত্র সাত দিন আগে চাওয়া হয়, তাই এত আগে কেন এই তথ্য চাওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্যের শাসক দল।

তৃণমূল কংগ্রেসের আইনজীবী অর্ক নাগ আদালতের কাছে এই মামলার জরুরি শুনানির আবেদন করেন। তার বক্তব্য, “নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।”

তবে বিচারপতি অমৃতা সিনহা এই আবেদনের জবাবে বলেন, “এতে সমস্যা কী? এখানে তো লুকোচুরির কিছু নেই। আর এটা তো কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে চাওয়া হয়নি, সব দলের কাছেই চাওয়া হয়েছে।”

এর উত্তরে তৃণমূলের আইনজীবী বলেন, “অন্য রাজনৈতিক দলগুলোর সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

এর আগে বুথ লেভেল অফিসার (বিএলও) হিসাবে শিক্ষকদের নিয়োগের বিরুদ্ধে শিক্ষকরা হাইকোর্টে গিয়েছিলেন। সেই মামলায় আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি, তবে ছুটির দিনগুলোতে তাদের কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবারও বিচারপতি অমৃতা সিনহা আপাতত কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো লক্ষণ দেখাননি। এই মামলাটি এখন নিয়মিত শুনানির জন্য অপেক্ষা করছে।