মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল পুলিশ, সচেতনতার নজির শান্তিপুরে

তীব্র রোদ এবং গরমের মধ্যে ১২ নম্বর জাতীয় সড়কে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন সিগন্যাল মোড়ে। স্থানীয়দের সচেতনতা এবং ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে এক যুবককে জাতীয় সড়কের ওপর ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায়। প্রখর রোদে গরম পিচ রাস্তায় তার এমন অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা চিন্তিত হয়ে পড়েন। কিছু সিভিক ভলান্টিয়ার এবং সচেতন নাগরিক তাকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তারা শান্তিপুর ট্রাফিক পুলিশকে খবর দেন।

শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিজেই পরিস্থিতি তত্ত্বাবধান করেন। তিনি বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানা যায়, যুবকের নাম জিৎ বিশ্বাস, বাবার নাম বিধান বিশ্বাস, এবং তাদের বাড়ি শান্তিপুরের বাগআঁচড়া পঞ্চায়েতের ষষ্টিতলা পাড়া এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, সকালে জিৎ তার বাবার সঙ্গে একটি কাজে বেরিয়েছিল। পথে তার বাবার একটি ছোট দুর্ঘটনা ঘটে, যার ফলে জিৎ সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে হেঁটে হেঁটে শান্তিপুরের গোবিন্দপুর সিগন্যাল এলাকায় চলে আসে।

পরিবারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ট্রাফিক পুলিশ জিৎকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তবে পরিবারের পক্ষ থেকে আগে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ না করায় যুবককে বাড়িতে ফেরাতে কিছুটা সময় লাগে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দেওয়া উচিত। স্থানীয় বাসিন্দাদের এই সচেতনতা এবং পুলিশের তৎপরতা সবার কাছে প্রশংসিত হয়েছে।