১.৮ বিলিয়ন জিমেইল ব্যবহারকারী বিপদে! গুগল থেকে নতুন সাইবার হামলা নিয়ে সতর্কবার্তা

বিশ্বজুড়ে ১.৮ বিলিয়নেরও বেশি জিমেইল (Gmail) ব্যবহারকারীর জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন (indirect prompt injections) নামক এক নতুন ধরনের সাইবার অ্যাটাক সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করেছে গুগল, যা ব্যক্তি, ব্যবসা এবং এমনকি সরকারকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।

কী এই ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন?
প্রযুক্তি বিশেষজ্ঞ স্কট পোল্ডারম্যানের মতে, জেনারেটিভ এআই-এর দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে হ্যাকিংয়ের নতুন কৌশলও সামনে আসছে। গুগল তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে যে, এই নতুন ধরনের সাইবার হামলায় হ্যাকাররা সরাসরি কোনো প্রম্পটে ম্যালওয়্যার কমান্ড না দিয়ে, বরং ইমেল, ডকুমেন্ট বা ক্যালেন্ডারের মতো বাহ্যিক ডেটা উৎসের মধ্যে ক্ষতিকর নির্দেশাবলী লুকিয়ে রাখে।

যখন কোনো ব্যবহারকারী বা প্রতিষ্ঠানের এআই সিস্টেম (যেমন গুগল জেমিনি) এই লুকানো ডেটা প্রক্রিয়াকরণ করে, তখন এটি ব্যবহারকারীর ডেটা ফাঁস করা বা অন্যান্য অবৈধ কাজ করার জন্য নির্দেশিত হতে পারে। এর সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এই হ্যাকিংয়ের জন্য ব্যবহারকারীকে কোনো ক্ষতিকর লিঙ্কে ক্লিক করতে হয় না। কেবল একটি ইমেল খোলার মাধ্যমেই এই ধরনের আক্রমণ ঘটতে পারে।

গুগলের নিরাপত্তা ব্যবস্থা
এই গুরুতর হুমকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে গুগল ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে:

জেমিনি ২.৫ মডেল হার্ডেনিং (Gemini 2.5 Model Hardening): গুগল তার এআই মডেলের নিরাপত্তা স্তরকে আরও শক্তিশালী করছে।

মেশিন লার্নিং (ML) মডেল: গুগল এমন মেশিন লার্নিং মডেল তৈরি করেছে যা ম্যালওয়্যারের নির্দেশাবলী শনাক্ত করতে পারে।

সিস্টেম লেভেলের সুরক্ষা: পুরো সিস্টেমে উন্নত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর ডেটাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

গুগল ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, এই ধরনের নতুন সাইবার হুমকি সম্পর্কে সচেতন থাকতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে।