RG kar: বিচার না পেয়ে দিল্লির পথে নির্যাতিতার মা-বাবা, তবুও হল না কাজ!

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়ায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় অবশেষে দিল্লির পথে পাড়ি দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সোমবার তাঁরা সিবিআই অধিকর্তা প্রবীণ সূদ এবং সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। একইসঙ্গে, তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করছেন।

গত এক বছরে সিবিআই শিয়ালদহ আদালতে পাঁচ দফা স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেও, তদন্তে কোনো গঠনমূলক অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার বাবার দাবি, কলকাতা পুলিশের কাছ থেকে মামলাটি হাতে নেওয়ার পরেও সিবিআই কেবল আগের তদন্তেরই পুনরাবৃত্তি করছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, “আজ সিবিআই সদর দফতরে এসে শুধু সময়ই নষ্ট করলাম। কলকাতা পুলিশ ও সিবিআই, দুই সংস্থার উপর থেকেই আমাদের আস্থা উঠে গেছে। কেন তারা এমন করছে, জানি না। হয়তো রাজনৈতিক চাপ, নয়তো কোনো অজানা কারণে তদন্ত দুর্বল করা হচ্ছে। এরা শুধু কলকাতা পুলিশের কথারই পুনরাবৃত্তি করছে।”

তিনি আরও অভিযোগ করেন যে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। তিনি বলেন, “সেদিন শ্মশানে তিনটি দেহ ছিল, অথচ আমাদের মেয়ের দেহটিই প্রথম দাহ করা হল। এত তাড়া কেন? সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলেছিল। এখন সিবিআই চায় আমরা প্রমাণ দিই! এটাই কি আমাদের কাজ?”

পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিল, যাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এখন শুধুমাত্র বিচার ব্যবস্থার ওপরই তাদের ভরসা। সুপ্রিম কোর্টও এই মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল, কিন্তু সেই প্রশ্নগুলোর কোনো উত্তর এখনো মেলেনি বলে অভিযোগ পরিবারের। তাদের মতে, “তদন্ত চলছে” – এই কথাটা যথেষ্ট নয়।

আগামী ৯ আগস্ট, তাঁদের মেয়ের মৃত্যুবার্ষিকীতে পরিবার ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে। তৃণমূল কংগ্রেস ছাড়া রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে এই প্রতিবাদ কর্মসূচিতে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। পরিবারের দৃঢ় বিশ্বাস, তাদের মেয়ের জন্য ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।