“কূটনৈতিক ব্যর্থতা”, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জন্য মোদীকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে এই বিষয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

অভিষেক বলেন, “ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, সে প্রশ্ন তাঁদেরকেই করা উচিত, যাঁদের ছবি রয়েছে ট্রাম্পের সঙ্গে। যাঁদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিলেন, যাঁরা ২০১৯ সালে আমেরিকার টেক্সাসে ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন, তাঁদের প্রশ্ন করা উচিত।” তার এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন।

৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের যে ব্যাপক ক্ষতি হবে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত পণ্যদ্রব্য, পরিষেবায় এর সার্বিক প্রভাব পড়বে। কর্মসংস্থান কমবে এবং ভারতের অর্থনীতিতে প্রভাব পড়বে।” এই ঘটনাকে তিনি সরকারের সবচেয়ে বড় ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘ভারতের এর মোকাবিলা করা উচিত।’

প্রসঙ্গত, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্টে লেখেন, “আমরা ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছি। জানি না সেটাই কারণ কি না, তবে আজ রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হল।” এর আগে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমেরিকা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা বুধবার হোয়াইট হাউস থেকে আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট ৫০ শতাংশ করার ঘোষণা করা হয়।

অভিষেকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে আমেরিকার দালাল হয়ে গিয়েছে, তা জানতাম না। ট্রাম্পের হয়ে দালালি করছেন। এর জবাব বাংলার মানুষ দেবে। দেশের মানুষকে কম টাকায় যাতে পেট্রল-ডিজেল দেওয়া যায়, সেজন্য রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে সরকার অনড় আছে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy