বাংলায় কৃষকদের জন্য নতুন দিগন্ত, পশুপালন ও মৎস্যচাষে আধুনিক প্রশিক্ষণে আর্থিক সমৃদ্ধির স্বপ্ন

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর এবার কৃষকদের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে, যার লক্ষ্য শুধুমাত্র চাষাবাদে সীমাবদ্ধ না থেকে কৃষকদের সামগ্রিক আর্থিক উন্নয়ন। আধুনিক কৃষির প্রযুক্তি হাতে কলমে শিখিয়ে বাংলার কৃষককে আরও সফল করে তুলতে ‘আত্মা’ (ATMA – Agricultural Technology Management Agency) ২০২৫-২৬ কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এক বাস্তবমুখী কৃষি প্রশিক্ষণ শিবির। পূর্ব মেদিনীপুরের রামনগর দুই নম্বর ব্লকের অন্তর্গত দেপাল পঞ্চায়েতের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় দেপালের রবীন্দ্র নজরুল সভাকক্ষে।
কৃষি দফতরের অভিনব উদ্যোগ:
রামনগর দুই নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা রুমি সাহা এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা চেয়েছি এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা শুধুমাত্র চাষের সঙ্গে সীমাবদ্ধ না থেকে আরও নতুন কিছু শিখুন। পশুপালন ও মৎস্যচাষের আধুনিক পদ্ধতি জানলে তারা বাড়িতে বসেই আয়ের নতুন সুযোগ পাবেন। এই ধরনের প্রশিক্ষণ কৃষকদের আত্মবিশ্বাস বাড়ায়, এবং সরকার চালু করা প্রকল্পগুলির সুবিধা গ্রহণে উৎসাহিত করে।”
এই প্রশিক্ষণ শিবিরে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি প্রাণীসম্পদ বিকাশ দফতর এবং মৎস্য দফতরের অভিজ্ঞ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে শেখান কীভাবে কম খরচে অধিক উৎপাদন করা যায়, এবং কোন ধরনের সার বা কীটনাশক ব্যবহার করলে মাটির ক্ষতি না করে ফলন বাড়ানো সম্ভব। গবাদিপশু পালনের আধুনিক নিয়ম-কানুন, রোগ প্রতিরোধ এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
বিকল্প আয়ের উৎস ও সরকারি প্রকল্পের সুবিধা:
মৎস্য দফতরের পক্ষ থেকে কৃষকদের জানানো হয় কীভাবে ছোট পুকুর বা খালেও আধুনিক প্রযুক্তির সাহায্যে মাছ চাষ করে মাসে নির্দিষ্ট পরিমাণ আয় নিশ্চিত করা যায়। এই প্রশিক্ষণ শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষকদের বিকল্প আয়ের উৎস তৈরিতেও সাহায্য করবে।
এছাড়াও, প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের ‘কৃষক বন্ধু’, ‘কিষাণ ক্রেডিট কার্ড’, ‘মৎস্য সহায়তা প্রকল্প’-এর মতো বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। তাঁদের এই সব প্রকল্পে আবেদন করে বাস্তবিক সুবিধা গ্রহণের জন্য উৎসাহিত করা হয়। প্রশিক্ষণে কৃষকদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাঁদের সমস্যা শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে সমাধানের পথও দেখানো হয়।
পূর্ব মেদিনীপুরের অনেক কৃষক জানিয়েছেন যে, এই ধরনের প্রশিক্ষণ তাঁদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। আগে তারা জমির সঠিক ব্যবহার, সার প্রয়োগ বা প্রাণীদের রোগ সংক্রান্ত যে সমস্যাগুলির মুখোমুখি হতেন, সেসব বিষয়ে এখন তাদের পরিষ্কার ধারণা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরটি শুধুমাত্র একটি কর্মসূচি নয়, বরং এটি কৃষকদের জীবনে এক নতুন আশার আলো। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তার মেলবন্ধনে কৃষকেরা যেন নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারেন, সেটাই এই শিবিরের মূল উদ্দেশ্য।