মুখ্যমন্ত্রীকে মারার ষড়যন্ত্র? শৌচাগার থেকে যা পাওয়া গেল তাতে হাত-পা ঠান্ডা হওয়ার জোগাড়!

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সভাস্থলের কাছে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর আসন্ন সভাস্থলে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় নাশকতার ছক বানচাল হয়েছে।
বেঙ্গালুরুর কালাসিপাল্য বিএমচিসি বাস স্ট্যান্ডের কাছে একটি শৌচাগার থেকে একটি রহস্যজনক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে ছিল ৬টি জিলেটিন স্টিক এবং ডিটোনেটর। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের আগামী তিন দিনের মধ্যে কেআর মার্কেটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ওই মার্কেটের কাছেই অবস্থিত এই শৌচাগারটি।
শৌচাগারের এক কর্মী প্রথমে ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় বোম স্কোয়াডেও। এরপর স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হয় এবং বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। কে বা কারা এই বিস্ফোরক ভরা ব্যাগটি রেখে গিয়েছিল, তা জানতে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
শৌচাগারের কর্মী পুলিশকে জানিয়েছেন, এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ভেতরে ঢুকেছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাগটি রেখে বেরিয়ে যান। প্রথমে তিনি ভেবেছিলেন, ওই ব্যক্তি হয়তো ভুল করে ব্যাগটি ফেলে গিয়েছেন এবং পরে এসে ফেরত নিয়ে যাবেন। এই ভেবে তিনি ব্যাগটি শৌচাগারের বাইরে এনে নিজের পাশে রেখে দেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কেউ ব্যাগটি নিতে না আসায় তিনি সন্দেহবশত পুলিশকে খবর দেন। পুলিশ এসে ব্যাগটি পরীক্ষা করে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের জিলেটিন স্টিক এবং ডিটোনেটর। এই বিস্ফোরক কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।