হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা! আহতের সংখ্যা ২০-২৫, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

হিমাচল প্রদেশের মান্ডি জেলায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সারকাঘাটের মাসরেন এলাকায় রাত ৯টা নাগাদ একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই সারকাঘাটের ডিএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকার্য শুরু হয়েছে।

জানা গেছে, মান্ডি জেলার সারকাঘাটের মাসরেন গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি সরকাঘাট-জামনি দুর্গাপুর রুটে চলাচল করছিল এবং ট্রাঙ্গলা গ্রামের একটি বিপজ্জনক বাঁক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাঙ্গলার এক স্থানীয় মহিলা সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিয়ে লেখেন, “আজ সকালে আমাদের বাড়ির কাছে একটি বাস খাদে পড়ে গিয়েছে।” যদিও তিনি আহতদের সঠিক সংখ্যা উল্লেখ করেননি, তবে স্থানীয় সূত্রে দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে ইঙ্গিত মিলেছে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। দুর্ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছে এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।

এই মুহূর্তে দুর্ঘটনার সঠিক কারণ স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধার এবং সম্ভবত চালকের অসাবধানতাই এই মর্মান্তিক ঘটনার কারণ। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।