খড়দহে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের!

বৃহস্পতিবার সকালে খড়দহের রহড়া কেরুলিয়া সাইবন রোডে এক অত্যন্ত মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ আমিন (৫০)। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহম্মদ আমিন সাইবন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি হাই টেনশন বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়েছিল। অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী শ্যামল দে জানান, ভোর পাঁচটার দিকে তিনি একটি ফোন পান। পাড়ার একটি ছেলে তাকে ফোন করে জানায় যে একজন ব্যক্তি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে আছেন। এরপর তিনি দ্রুত অন্যদের খবর দেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবুও বিদ্যুৎ দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের বক্তব্য, হাইটেনশন লাইনের তারের নিচে কোনো সুরক্ষা ব্যবস্থা (সেফ গার্ড) নেই। যে কোনো সময় আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আতঙ্কিত। মহম্মদ আজারুদ্দিন নামে এক আতঙ্কিত বাসিন্দা বলেন, “হাইটেনশন তার আছে অথচ গার্ড নেই। যদি তার ছিঁড়ে যেত, ওই গার্ডে পড়ত। কিন্তু কী বলব, খুব ভয়ে আছি।”
CIC হেলথ খড়দহ পুরসভার কাঞ্চন ঘোষ জানান, এই সাইবন রোডটি একটি সীমান্ত এলাকা। পোস্টের লাইটগুলির দায়িত্ব পুরসভা দেখলেও, বিদ্যুতের মূল সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওরা শুধু ফ্ল্যাটেই কানেকশন দিচ্ছে। যেখানে সেখানে ট্রান্সফরমার বসিয়ে দিচ্ছে।” এই ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের উদাসীনতা এবং জন সুরক্ষায় তাদের অবহেলার বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ দপ্তরের গাফিলতি দূর করে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।