স্যানিটারি প্যাডে হতে পারে শরীরের গুরুতর ক্ষতি, দাবি গবেষকদের! সতর্ক থাকুন

স্যানিটারি প্যাড থেকে শরীরে ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে। এমনটাই দাবি করছে সাম্প্রতিক গবেষণা।
টক্সিকস লিঙ্ক নামে দিল্লির একটি এনজিও এমনটাই দাবি করছে তাঁদের সাম্প্রতিক গবেষণায়। সংস্থাটি জানিয়েছে, নানা গুণ থাকলেও স্যানিটারি প্যাড তৈরিতে ব্যবহার করা হয় বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক। এই রাসায়নিক থেকে শরীরের গুরুতর ক্ষতি হতে পারে। এমনকি পরবর্তী প্রজন্মের মধ্যেও সে রোগ ছড়াতে পারে। যোনির মধ্যে মিউকাস পর্দা থাকায় শরীর এই রাসায়নিক যৌগগুলো উচ্চমাত্রায় শোষণ করে। এর থেকেই বাড়তে পারে আশঙ্কা।
টক্সিকস লিঙ্ক সংস্থা পরিবেশ নিয়ে কাজ করে। সম্প্রতি সংস্থাটি অনলাইন ও বাজার থেকে বেশ কিছু প্যাড কিনে এই পরীক্ষা করে। দেখা যায়, স্যানিটারি প্যাডে থ্যালেট ও উদ্বায়ী জৈব যৌগ মাত্রাতিরিক্ত পরিমাণে রয়েছে। থ্যালেট প্যাডের শোষণক্ষমতা বাড়াতে সাহায্য করে। উদ্বায়ী জৈব যৌগ সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়।
এই যৌগ দুটি থেকে ত্বকে জ্বালা, অ্যালার্জি ও হরমোন গ্ৰন্থির কার্যক্ষমতা ক্ষতিগ্ৰস্ত হতে পারে। থ্যালেটের বিভিন্ন রূপ বেশ কয়েকটি ক্যানসারের কারণ। এছাড়াও প্রজনন প্রক্রিয়াতে বাধা তৈরি করতে পারে থ্যালেটের কিছু রূপ।