ধেয়ে আসছে চিন-ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফা! ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা?

সকাল থেকে তীব্র রোদ থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ শীঘ্রই বদলাতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নতুন নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার রাত থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করবে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯২ শতাংশের মধ্যে থাকায় গরমের অনুভূতি থাকবেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, চিন ও ভিয়েতনামে আঘাত হানা বিধ্বংসী ঝড় ‘উইফা (WIPHA)’-র অংশ বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করবে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সতর্কবার্তা
বুধবার: রাতের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবার: বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার: আকাশ মূলত মেঘলা থাকবে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই আগামী ২৪শে জুলাই, বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর ফলে নদীর জলস্তর বাড়বে এবং নিচু এলাকাগুলো নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।