বর্ষায় সাপের উপদ্রব বাড়ে কেন? জেনেনিন সাপে কামড় দিলে কি কি করণীয়?

বর্ষার সময় প্রকৃতির রূপ যেমন মনোমুগ্ধকর হয়ে ওঠে, তেমনই এই সময় বেড়ে যায় নানা ধরনের বিপদের আশঙ্কাও। এর অন্যতম ভয়াবহ দিক হলো সাপের উপস্থিতি ও কামড়ের ঘটনা। প্রতিবছর বর্ষাকালে সাপের কামড়ের খবর চোখে পড়ে বেশি। অনেকেই অবাক হন—কেন এই সময়েই সাপের দেখা এত বাড়ে? কেন বাড়ছে কামড়ানোর ঘটনা?

কেন বর্ষায় বেশি দেখা যায় সাপ?

বর্ষার শুরুতেই মাটি হয়ে ওঠে আর্দ্র ও স্যাঁতসেঁতে। সাপ সাধারণত মাটির নিচে গর্তে আশ্রয় নেয়। তবে বৃষ্টির কারণে সেই গর্তে জল ঢুকে যায়। তখন বাধ্য হয়েই আশ্রয় ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারা। এইভাবে বাড়ে মানুষের সঙ্গে সাপের সংস্পর্শের আশঙ্কা।

শিকারের প্রাচুর্য

এই সময়ই প্রকৃতিতে বাড়ে নানা ধরনের ছোট প্রাণীর আনাগোনা—ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি। সাপের প্রধান খাদ্য এদের অনেকেই। ফলে শিকারের খোঁজেও তারা গর্তের বাইরে বেরিয়ে আসে এবং অনেকসময় লোকালয়ে প্রবেশ করে।

প্রজননের ঋতুও বর্ষাকাল

বর্ষা হলো সাপের প্রজননের সময়। আর্দ্রতা বাড়ার ফলে পরিবেশ সাপের জন্য অনুকূল হয়ে ওঠে। ফলে তারা বেশি সংখ্যায় সক্রিয় হয়ে ওঠে এবং প্রাকৃতিকভাবেই তাদের দেখা মেলে বেশি।

বর্ষাকালে সাপের কামড় কেন বেশি?

সাধারণত, সাপ মানুষের সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু বর্ষাকালে ঘর বা আশেপাশে জলে ভিজে গেলে সাপ আশ্রয়ের খোঁজে মানুষের বাসস্থানে ঢুকে পড়ে—যেমন কুঁড়েঘর, রান্নাঘর, গুদাম বা বিছানার নিচে। অজান্তে যদি কেউ তার কাছাকাছি চলে যায়, তখন আত্মরক্ষার্থে কামড়ায়।

কীভাবে সতর্ক থাকবেন?

  • বাড়ির চারপাশে ঝোপঝাড় ও দীর্ঘ ঘাস পরিষ্কার রাখুন।

  • কাঠ বা আবর্জনা স্তূপ করে রাখবেন না।

  • জানালা ও দরজায় নেট লাগান, যাতে সাপ ঢুকতে না পারে।

  • রাতে মেঝেতে না ঘুমিয়ে উঁচু বিছানায় ঘুমান।

  • বাইরে চলাফেরা করার সময় টর্চ ব্যবহার করুন।

সাপ কামড়ালে কী করবেন?

  • আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। বেশি নাড়াচাড়া বিষ শরীরে ছড়িয়ে দেয়।

  • কামড়ের জায়গা ধুয়ে পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন।

  • আংটি, চুড়ি, টাইট জামাকাপড় খুলে ফেলুন।

  • সাপের ছবি তুলে রাখলে চিকিৎসকের সুবিধা হয়।

  • টর্নিকেট, বরফ বা ক্ষত কাটা–কোনোটাই করবেন না।

  • যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছান।

লক্ষণ কী হতে পারে?

সাধারণ সাপে কামড়ালে অল্প ব্যথা বা ফোলা হয়। কিন্তু বিষাক্ত সাপে কামড়ালে ব্যথা, ফোলাভাব, বমিভাব, শ্বাসকষ্ট, দুর্বলতা, ঝিমুনি এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।

সতর্কবার্তা: এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ সচেতনতা বৃদ্ধির জন্য। সাপে কামড়ালে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।