ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ব্যক্তিগত সতর্কতা এবং পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি। এই পরিস্থিতিতে ঘরে বা বারান্দায় এমন কিছু গাছ লাগানো যেতে পারে, যা মশা তাড়াতে কার্যকর ভূমিকা রাখে। অবাক হলেও সত্যি, কিছু গাছ আছে যা অযত্নে অবহেলায় পড়ে থাকলেও মশার যম হিসেবে কাজ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার ও গাঁদা গাছ। এই গাছগুলিতে এমন কিছু প্রাকৃতিক কীট প্রতিরোধক যৌগ থাকে যা মশার ডিম, লার্ভা ও বংশ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। সাইপারমেথ্রিন ও ম্যালাথিয়নের মতো উপাদান প্রাকৃতিকভাবেই এই গাছগুলোতে উপস্থিত থাকে।
চলুন জেনে নিই মশা দূরে রাখতে কোন কোন গাছ বিশেষ ভূমিকা পালন করতে পারে:
গাঁদা:
গাঁদা ফুলের পাপড়ি এবং গাছের পাতায় অ্যান্টিসেপটিক গুণ থাকে, যে কারণে গাঁদা গাছ থেকে মশা দূরে থাকে। গাঁদা গাছের যত্ন নেওয়াও সহজ; পর্যাপ্ত জল ও আলো পেলেই এই গাছ জন্মায়। গাঁদা ফুলের মিষ্টি গন্ধ মানুষের পছন্দ হলেও মশা এই গন্ধ একদম সহ্য করতে পারে না। ফলে আপনার ঘর থেকে মশা দূরে থাকবে।
তুলসী:
আদিকাল থেকেই ঘরের আঙিনায় তুলসী গাছ লাগানোর রীতি প্রচলিত আছে। তুলসীর একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ রয়েছে। এই গাছ পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এছাড়াও তুলসীর ঝাঁঝালো গন্ধ মশাকে দূরে রাখে।
পুদিনা:
পেপারমিন্ট বা মেন্থলের সুগন্ধ মশা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী। এ কারণে পুদিনা গাছকে মশার প্রাকৃতিক কীটনাশক বলা হয়। এর তীব্র গন্ধ মশার কাছে অসহ্য।
ল্যাভেন্ডার:
ল্যাভেন্ডার গাছের আশেপাশে কোনো পোকামাকড় আসে না, এর প্রধান কারণ হলো এর তীব্র সুগন্ধ। এই গাছের পাতায় এক ধরনের এসেনশিয়াল অয়েল থাকে, যার কারণে মশা ও অন্যান্য পোকামাকড় এর ধারে কাছে ঘেঁষে না।
সাইট্রোনেলা:
সাইট্রোনেলা গাছ থেকে এক ধরনের সুগন্ধি নির্গত হয় যা মশা একদম সহ্য করতে পারে না। এই গন্ধ পেলেই মশা ধারেকাছেও ভিড়ে না। বিশেষজ্ঞদের মতে, ৬-৭টি সাইট্রোনেলা গাছ এক একর জায়গা মশামুক্ত রাখতে পারে।
রোজমেরি:
রোজমেরির তীব্র ঘ্রাণেও মশারা টিকে থাকতে পারে না। এটিও মশা তাড়ানোর একটি কার্যকর প্রাকৃতিক উপায়।
লেমন গ্রাস:
লেমনগ্রাস বা থাই পাতা তার সুগন্ধের জন্য পরিচিত। থাই স্যুপ তৈরিতে এই পাতা ব্যবহার করা হয়। লেমন গ্রাসের সুগন্ধ মনকে সতেজ রাখতে সাহায্য করে, আর একইসঙ্গে এর তীব্র গন্ধ মশাদের দূরে রাখতেও সহায়তা করে।
সুতরাং, ডেঙ্গু ও অন্যান্য মশা-বাহিত রোগ থেকে বাঁচতে এই প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার ঘর এবং চারপাশকে মশামুক্ত রাখতে পারেন।