অবশেষে ৩৯ দিন পর সাফল্য! কেরলের মাটি ছাড়ল ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধবিমান

অবশেষে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে বিদায় নিল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ যুদ্ধবিমান। পাঁচ সপ্তাহ আগে জরুরি অবতরণের পর থেকে সেখানেই আটকে ছিল অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি। মঙ্গলবার সকালে এটি ব্রিটেনের উদ্দেশে সফলভাবে টেক অফ করেছে।

গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় জ্বালানিতে টান পড়ায় পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটিকে কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল। ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’-এর অংশ হিসেবে ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দিয়েছিল ওই ‘এফ-৩৫বি’।

জরুরি অবতরণের পর পরিস্থিতি জটিল আকার নেয়। জানা যায়, বিমানটির হাইড্রোলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ২২ দিনেরও বেশি সময় ধরে বিমানটি রানওয়ের উপরই দাঁড়িয়ে ছিল, যা নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়।

যুদ্ধবিমানটির মেরামতের জন্য ব্রিটেন থেকে ৪০ সদস্যের একটি প্রকৌশলী দল পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে, বিমানটির হাইড্রোলিকে বেশ কিছু জটিল সমস্যা থাকায় এটি ভারতে মেরামত করা সম্ভব নয়। এরপর নতুন করে আরও একটি প্রকৌশলী দল পাঠায় ব্রিটেন। তারাই বিমানটিকে হ্যাঙ্গারে সরানোর সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ, ২২ দিন পর সেটিকে রানওয়ে থেকে সরিয়ে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই মোরামতির পর অবশেষে মঙ্গলবার সকালে কেরলের মাটি ছাড়ল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ যুদ্ধবিমান।

সোমবারই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা যুদ্ধবিমানটিকে টেক অফের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন, যার পরেই মঙ্গলবার সকালে এটি ব্রিটেনের উদ্দেশে উড়াল দেয়। এই ঘটনায় ব্রিটিশ প্রতিরক্ষা এবং ভারত-ব্রিটেন সামরিক সহযোগিতার বিষয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল।